shartnewsbd@gmail.com শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বাউল সুরে বেঁচে থাকা এক অনুভবের নাম দিনা মন্ডল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

দিনা মন্ডলের দরদভরা কণ্ঠে মিশে আছে বিচ্ছেদের বেদনা, মাটির সোঁদা ঘ্রাণ আর গ্রামবাংলার নীরব অনুভব। সেই সুরেই যেন জেগে ওঠে ভালোবাসা, বিরহ ও অন্তর্গত এক নীরব কান্নার ভাষা। তাঁর গান শুধু শোনা যায় না—গভীরভাবে অনুভব করা যায়। দিনা মন্ডল যেন এক চলমান অনুভব, এক জীবন্ত দর্শন; যেখানে জীবন, প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতার সুর একাকার হয়ে যায়। জনপ্রিয় এই শিল্পীর মুখোমুখি হয়েছেন মিজান চৌধুরী।

বাংলার উত্তরের শান্ত জনপদ দিনাজপুরে জন্ম তাঁর। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য নিয়তি। শৈশব থেকেই সুরের প্রতি গভীর টান অনুভব করতেন তিনি। কখনো একা, কখনো প্রকৃতির সঙ্গে মিশে অচেনা সুরের ভেতর হারিয়ে যেতেন। তখনও জানা ছিল না, এই সুরই একদিন হয়ে উঠবে তাঁর জীবনের পথচিহ্ন।

সংগীতময় পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। দাদী আরজিনা বেগম ও নানা আকবর আলীর কাছ থেকে পান প্রথম অনুপ্রেরণা। তাঁদের কাছ থেকেই শেখেন—গান কেবল কণ্ঠের নয়, হৃদয়েরও বিষয়। পরে নজরুল সংগীতশিল্পী মুজিবুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে সংগীতের তালিম নেন। সেখানেই তিনি রপ্ত করেন সুর, তাল-লয় এবং অনুভূতির সূক্ষ্ম প্রকাশ।

তবে তাঁর আত্মার সবচেয়ে গভীর ঠিকানা হয়ে ওঠে বাউল গান। লালনের দর্শন ও বাউলদের আধ্যাত্মিক পথ তাঁকে গভীরভাবে আলোড়িত করে। বাউলশিল্পী শাহাবুলের কাছে দীক্ষা নিয়ে তিনি লালনগীতির গুরুমুখী শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষাই তাঁকে শুধু শিল্পী নয়, এক গভীর অনুভবশীল মানুষ হিসেবেও গড়ে তোলে। দাদাগুরু শফি মন্ডলের আশীর্বাদ তাঁর পথচলায় যোগ করে নতুন দৃঢ়তা।

জীবনের শুরুতে তাঁর নাম ছিল দিলরুবা। পরবর্তীতে মিসকিন শাহর দরবারে গান পরিবেশনের সময় তাঁর গায়কীতে মুগ্ধ হয়ে তাঁকে ‘দিনা’ নামে অভিহিত করা হয়। সময়ের সঙ্গে সেই নামই হয়ে ওঠে তাঁর পরিচয়—দিনা মন্ডল।

কলেজ জীবনে ইয়াকুব আলীর দিকনির্দেশনাও তাঁর সংগীতচর্চায় নতুন মাত্রা যোগ করে। নানা অভিজ্ঞতা ও মানুষের সান্নিধ্যে ধীরে ধীরে গড়ে ওঠেন আজকের এই শিল্পী।

তাঁর গাওয়া গানগুলোর মধ্যে ‘কেন এতা মায়া মায়া লাগে’, ‘যে মারলো এই বুকে ছুরি’, ‘এখনো সেই বৃন্দাবনে’, ‘যদি তরীতে বাসনা জাগে’, ‘সুখে থাকো সুজন বন্ধু’, ‘জীবনের ঐ পারে যদি আরেক জনম থাকে’ ও ‘শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না’ বিশেষভাবে জনপ্রিয়। প্রতিটি গানেই ফুটে ওঠে মানুষের অন্তর্গত অনুভূতির গভীর গল্প।

২০২০ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যাত্রা শুরু করলেও মহামারির সময় বাধার মুখে পড়েন তিনি। তবুও থেমে থাকেননি—অনলাইনে গানের আসর চালিয়ে যান নিয়মিত। ২০২৩ সাল থেকে মঞ্চে সরাসরি গান গেয়ে দর্শকদের মন জয় করেন এবং দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।

লালনগীতি, পল্লীগীতি ও বাউলসহ নানা ধারার গানে সমান দক্ষ দিনা মন্ডল। তাঁর কণ্ঠে প্রতিটি গান নতুন প্রাণ পায়। সুরে থাকে এক অদ্ভুত মায়া ও আবেগ, যা শ্রোতাকে নিয়ে যায় গভীর অনুভূতির ভুবনে।

দিনা মন্ডল আজ শুধু একজন শিল্পী নন; তিনি এক অনুভূতির নাম। তাঁর গান শেখায় ভালোবাসা, বেদনা আর নতুন করে বাঁচার গল্প। স্বামী মাহতাব হোসেনকে নিয়ে তিনি সংসার জীবনেও স্থিত, আর গেয়ে চলেছেন নিরন্তর—শ্রোতাদের হৃদয়ের ভাষা হয়ে।

এমএসআই

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর